গাজীপুরে গার্মেন্টসে আগুন নিয়ন্ত্রণে, ৭০ শ্রমিক উদ্ধার

- সর্বশেষ আপডেট ০৭:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 137
গাজীপুর মহানগরীর ডেগের চালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর, কোনাবাড়ী ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ করা নয়টি ইউনিটের মধ্যে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুরের দুটি এবং কোনাবাড়ীর একটি ইউনিট রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আশপাশে পুকুর বা পানির উৎস না থাকায় এবং কারখানাটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের তিনটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী থেকে আরও ইউনিট যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
































