কমেছে লেবু-শসা-বেগুনের দাম

- সর্বশেষ আপডেট ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 156
রমজানের শুরুতে অস্বাভাবিক দামে বিক্রি হওয়া লেবুর বাজারে এখন কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে শসা ও বেগুনের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগের তুলনায় লেবুর দাম স্পষ্টভাবে নেমে এসেছে। বর্তমানে মাঝারি মানের এক হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। আকারে বড় হলে এক হালির দাম ৮০ টাকা। অথচ রোজা শুরুর আগের দিন এবং প্রথম দুদিন একই লেবু বিক্রি হয়েছে ১০০ থেকে ১৫০ টাকায়।
খুচরা বিক্রেতারা জানান, রমজান শুরুর সময় চাহিদা বেড়ে যাওয়ায় লেবুর দাম হঠাৎ বেড়ে যায়। আকার ও মানভেদে এক হালি লেবু সর্বোচ্চ ১৫০ টাকায় বিক্রি হয়েছে, যা নিয়ে ভোক্তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। তুলনামূলকভাবে ওই দামে এক ডজন ডিম, এক কেজির বেশি ছোলা বা চিনি, এমনকি দুই কেজি চালও কেনা সম্ভব—এমন মন্তব্যও শোনা গেছে ক্রেতাদের কাছ থেকে।
তবে এখন বাজার পরিস্থিতি কিছুটা বদলেছে। বিক্রেতাদের ভাষ্য, গত শনিবার প্রতি ডজনে ১০ টাকা কমার পর রোববার আরও ১০ থেকে ২০ টাকা দাম হ্রাস পেয়েছে।
এদিকে শসা ও বেগুনের বাজারেও একই প্রবণতা দেখা গেছে। কয়েকদিন আগেও যেসব সবজি বেশি দামে বিক্রি হচ্ছিল, সেগুলোর কেজিতে এখন ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে।




































