ইরানে হামলার প্রতিবাদে আমেরিকাজুড়ে বিক্ষোভ

- সর্বশেষ আপডেট ০৪:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 164
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। আয়োজকদের দাবি, যুদ্ধের পথ পরিহার করে আলোচনায় ফেরার আহ্বান জানাতেই এই কর্মসূচি।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব এবার স্পষ্ট হয়েছে আমেরিকার রাজপথে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে সমাবেশ ও মিছিল। অংশগ্রহণকারীদের হাতে ছিল ফেস্টুন, প্ল্যাকার্ড; মুখে ছিল যুদ্ধবিরোধী স্লোগান।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিক্ষোভকারীরা জড়ো হন। এক বক্তা সমাবেশে বলেন, চলমান সামরিক পদক্ষেপ একটি অন্তহীন ও অনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। তার ভাষায়, এ ধরনের উদ্যোগ অঞ্চলকে আরও অস্থির করে তুলবে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক নগরীর ম্যানহাটন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল বের হয়। সেখানে বিক্ষোভকারীরা ইরানে হস্তক্ষেপ বন্ধের দাবি জানান এবং মধ্যপ্রাচ্যে সামরিক সম্পৃক্ততা থেকে সরে আসার আহ্বান তোলেন।
পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরেও একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে। অংশগ্রহণকারীরা ইরানে যুদ্ধ বন্ধের স্লোগান দেন। একই সুর শোনা গেছে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো, ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড এবং উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরেও।
যুদ্ধ ও দখলবিরোধী সংগঠন অ্যানসার কোয়ালিশন আগেই সোমবারকে ইরান যুদ্ধবিরোধী জাতীয় বিক্ষোভ দিবস হিসেবে ঘোষণা দেয়। তাদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী দেশজুড়ে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, সামরিক পদক্ষেপ নয়—কূটনৈতিক উদ্যোগই হতে পারে টেকসই সমাধানের পথ।




































