১০ টাকার জন্য চাচিকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 100
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাত্র ১০ টাকা পাওনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আয়েশা খাতুন ওই গ্রামের তারা মিয়ার স্ত্রী। অভিযুক্ত ভাতিজা মো. তৌহিদ আয়শার ছেলে আশিকের কাছে ১০ টাকা পাওনা ছিল। ঘটনার বিকেলে তৌহিদ ওই টাকা ফেরত চাইলে আশিক তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।
বিবাদ থামাতে আশিকের মা আয়েশা খাতুন এগিয়ে এলে তৌহিদ উত্তেজিত হয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সায়েফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা হয়েছে।
































