রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি
- সর্বশেষ আপডেট ০৯:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 14
রাশিয়ায় চাকরির প্রলোভনে গিয়ে ইউক্রেন যুদ্ধে বাধ্য হয়ে অংশ নেওয়া ৩০ বাংলাদেশির মধ্যে চারজন নিহত হয়েছেন। বাকি ২৬ জনকে দেশে ফিরিয়ে আনতে মস্কোয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চলছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রাশিয়ায় চাকরির চুক্তিতে গিয়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশি কর্মীদের বিষয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি তুলে ধরেন।
মন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি বিএমইটির ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে ৩০ জন বাংলাদেশি কর্মীকে রাশিয়ায় পাঠায়। সেখানে পৌঁছানোর পর তাদের জোরপূর্বক সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানোর প্রস্তুতির তথ্য সরকারের কাছে আসে।
এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।
আরিফুল হক চৌধুরী বলেন, সর্বশেষ পাওয়া তথ্যে ৩০ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি ২৬ জনকে দেশে ফিরিয়ে আনতে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং সরকার আশাবাদী, তাদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
মন্ত্রী আরও জানান, চলতি বছরের এপ্রিল মাসে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে এসব যুবক রাশিয়ায় যান। পরে তাদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, চাকরির পরিবর্তে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়ার পর সরকার তদন্ত শুরু করে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে।
































