রায়পুরায় খাল খননসহ উন্নয়নকাজ উদ্বোধন হবে: বকুল
- সর্বশেষ আপডেট ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 176
নরসিংদীর রায়পুরায় শিগগিরই খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
বুধবার রায়পুরা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন এলাকায় বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে কাজ করতে হবে।
রায়পুরার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বকুল বলেন, মেঘনা নদীতে সেতু নির্মাণ, বেড়িবাঁধ, পর্যটন কেন্দ্র স্থাপন, রায়পুরা-ভৈরব সড়ক নির্মাণ এবং খাল খননসহ দীর্ঘদিনের জনদাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। তিনি এসব প্রকল্পের উদ্বোধনে তারেক রহমানের উপস্থিতি কামনা করেন।
তিনি দাবি করেন, জবাবদিহিমূলক উন্নয়ন নিশ্চিত করা গেলে আগামী দিনে জনগণই বিএনপিকে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসবে। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম নিয়েও বক্তব্য দেন বকুল। তিনি বলেন, রায়পুরায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































