যে কাজ করতে না পারলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 6
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মিঠামইন বাজারের বালুর মাঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনি তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার জন্য তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।
তিনি আরও জানান, মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ফজলুর রহমান বলেন, “আমি অপেক্ষা করছি। যদি তদন্তকারী সংস্থাগুলো হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে ব্যর্থ হয়, তাহলে আমি নিজেই সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে যাব। দেশে এমন কোনো জায়গা নেই, যেখানে আমি যেতে পারব না। জাহাঙ্গীর হত্যার প্রকৃত ঘটনা আমি বের করবই। আর যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে সংসদ সদস্য পদ ছেড়ে দেব।”
বক্তব্যে তিনি মিঠামইনের নির্বাচনী ফলাফল প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর ভোট পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, মিঠামইন থানায় দলটি উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছে, যা নিয়ে তার প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত নির্বাচনে মিঠামইন ইউনিয়নে তিনি মাত্র ৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের স্বার্থে আদালত গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

































