বিশ্বকাপের হতাশার পর প্রথমবার জনসমক্ষে মেসি

- সর্বশেষ আপডেট ০২:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 103
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটাতে দলের সঙ্গে দেশে না ফিরে সরাসরি নিজ শহর রোজারিওতে ফিরে যান লিওনেল মেসি। পরিবারের সঙ্গে ছুটি কাটানোর মধ্যেই এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টিনার এই অধিনায়ককে।
ছুটির সময় মেসি উপস্থিত হন অরোইয়ো সেকোতে, যেখানে তার পারিবারিক ক্লাব লিওনেস একটি ম্যাচ খেলছিল। ক্লাবটির দায়িত্বে রয়েছেন তার বড় ভাই মাতিয়াস মেসি। স্টেডিয়ামে মেসিকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শকরা। গ্যালারিজুড়ে ধ্বনিত হয় ‘মেসি, মেসি’ স্লোগান। জবাবে বরাবরের মতো হাসিমুখে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
আর্জেন্টিনার রেডিও স্টেশন কাদেনা ৩ রোজারিও সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উপস্থিতির ভিডিও প্রকাশ করেছে। তাদের দাবি, স্টেডিয়ামে উপস্থিত হয়ে মেসি সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত একটি বার্তাও দিয়েছেন। যদিও সেই ম্যাচে জয় পায়নি লিওনেস। পরাজিত হলেও ২৯ পয়েন্ট নিয়ে দলটি ‘বি’ গ্রুপের চতুর্থ স্থান ধরে রেখেছে।
এদিকে ছুটিতে থাকায় মেসির ইন্টার মায়ামিতে ফেরার নির্দিষ্ট সময় এখনও চূড়ান্ত হয়নি। ক্লাবটির কোচ গিয়ের্মো হোয়োস জানিয়েছেন, তিনি কবে থেকে দলের অনুশীলনে যোগ দেবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচেও খেলবেন না মেসি। গত বছর এই ম্যাচে না খেলায় সমালোচনার মুখে পড়লেও এবার তাকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। কারণ, এমএলএস মৌসুম চলাকালেই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় সাত সপ্তাহের বিরতির পর টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলা ফুটবলারদের অল-স্টার ম্যাচে অংশ নেওয়ার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।






























