চৈত্র সাংস্কৃতিক সংগঠনের স্মরণসভা
সাহিত্য ও স্মৃতিচারণে হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা
- সর্বশেষ আপডেট ০৩:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 86
বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ করে চৈত্র সাংস্কৃতিক সংগঠন, ঢাকার উদ্যোগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষে এক স্মরণসভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর প্রকাশক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অন্যদিন-এর প্রধান নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাছের এবং পাক্ষিক অন্যদিন-এর সহকারী সম্পাদক মোমিন রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৈত্র সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ফাল্গুনী এলিজাবেথ।
শুরুতেই কবি ও লেখক আলোক নন্দন হুমায়ূন আহমেদের জীবন, সাহিত্যকর্ম ও সৃজনশীল অবদানের ওপর একটি সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর কবি ও লেখক নাফিউল হক গদ্য পাঠ করেন। ‘তরুণের চোখে সাহিত্য ও জীবন’ শীর্ষক আলোচনায় নিজের ভাবনা তুলে ধরেন তরুণ লেখক সিদ্দিক মিলু।
আলোচনা পর্বে বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এমন এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছেন, যা প্রজন্মের পর প্রজন্ম পাঠকদের অনুপ্রাণিত করে যাচ্ছে। তার সাহিত্য মানুষের সুখ-দুঃখ, ভালোবাসা, স্বপ্ন ও জীবনের নানা অনুভূতিকে সহজ অথচ শিল্পসম্মত ভাষায় তুলে ধরেছে। ফলে তিনি শুধু একজন জনপ্রিয় লেখক নন, বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ। এতে কবিতা আবৃত্তি করেন কবি শিখা সরকার, দৃষ্টি নূত, আলোক নন্দন, শৈবাল নূর, রকি, সঞ্জীবন বৈদ্য, স্বচ্ছ, সাফোয়ান আমিনসহ উপস্থিত আরও অনেক কবি ও সাহিত্যপ্রেমী।
স্মৃতিচারণ, সাহিত্য আলোচনা, গদ্য ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
ফাল্গুনী এলিজাবেথ আশা প্রকাশ করেন, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা ও বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





































