মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 36
গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হয়ে তেজগাঁও বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। পরে সকাল সোয়া ৯টার দিকে হেলিকপ্টারে মাতারবাড়ীর উদ্দেশে রওনা দেন তিনি।
মহেশখালী সফর শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর সড়কপথে ফটিকছড়ি ও হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দুপুর ২টার দিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এরপর হাটহাজারী ডাকবাংলোয় কিছু সময় যাত্রাবিরতি করবেন।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে চট্টগ্রাম ও কক্সবাজার সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে এবারই প্রথম সফর করছেন।
































