শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

- সর্বশেষ আপডেট ০৩:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 116
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদেরও দেশে ফেরত পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছে ঢাকা।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরে ভারতের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ও ইতিবাচক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
অন্যদিকে, বাংলাদেশে দায়িত্ব পালনের প্রথম দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































