হেফাজত আমিরের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 219
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ সময় হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া লিখিতভাবে তুলে দেওয়ার কথা রয়েছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে তারা স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত কিছু দাবি-দাওয়া পেশ করা হবে।
বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরই হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে রমজান মাস শুরু হওয়া এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় তখন ঢাকায় যাওয়া সম্ভব হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ এবং দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল শাখার সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর হেলিকপ্টারে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে পৌঁছে দুপুর ১টা ৩৫ মিনিটে সেখান থেকে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন তিনি।
মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ফটিকছড়িতে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, নিরাপত্তা জোরদার, হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সাক্ষাৎ শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও মোনাজাতে অংশ নেবেন তিনি।
বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

































