রাতে চুরির অপবাদ, সকালে মিলল যুবকের ঝুলন্ত মরদেহ

- সর্বশেষ আপডেট ০৪:২৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 181
খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারী পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাতে প্রতিবেশী এক নারীর মাটির ব্যাংক চুরি হয়। ওই নারী সম্পর্কে সাগরের চাচি। এ ঘটনায় রোববার রাতে সাগরকে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন তার চাচা-চাচি। এ নিয়ে পরিবারে বিরোধের পাশাপাশি মানসিক চাপ তৈরি হয় বলে স্বজনদের দাবি।
পরিবারের ধারণা, চুরির অপবাদে অপমানিত ও হতাশ হয়ে রোববার রাতে সাগর নিজ ঘরে ফাঁস দেন। পরে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়।
পরিবারের দাবি, গলায় ফাঁস দেওয়ার জন্য ব্যবহৃত গামছাটি পুরোনো হওয়ায় একপর্যায়ে সেটি ছিঁড়ে যায়। এতে সাগরের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে পারে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি ঘরের সামনের কক্ষে নেওয়া হয়।
খবর পেয়ে রামগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
































