বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের আশ্বাস
- সর্বশেষ আপডেট ০৩:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 221
বিমানযাত্রীদের সেবা নিশ্চিত করে বিমানবন্দরগুলোকে আধুনিক ও সময়োপযোগী করে তোলার অঙ্গীকার করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, বিমানবন্দরে প্রবেশ করলেই যাত্রীরা ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন।
সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী জানান, হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেশের বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের সময় মানিকগঞ্জবাসীর কাছে যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনালের কাজ এগিয়ে নেওয়া হবে।
পর্যটন খাতের উন্নয়নেও গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, মানিকগঞ্জের সাটুরিয়ার জমিদারবাড়ি ও শিবালয়ের তেওতা জমিদারবাড়ি সংস্কার করে পর্যটকবান্ধব করা হবে। পাশাপাশি নদীশাসনের মাধ্যমে পদ্মা তীরবর্তী হরিরামপুরের চরাঞ্চলে একটি নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়াত মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নু ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন-এর কবর জিয়ারত করেন।





































