বিপিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সাংবাদিক মাহাবুব বাবু
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 71
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সহ-সভাপতি সাংবাদিক মাহাবুব আলম বাবু।
শনিবার (১০ অক্টোবর) সকালে বিপিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় উপস্থিত নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তে এবং গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুব আলম বাবুকে এ দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বর্তমানে একটি মামলায় কারাবন্দী থাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সাময়িক নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করতে মাহাবুব আলম বাবুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
বিপিজেএফ সূত্রে জানা গেছে, সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) মুক্তি পেয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মাহাবুব আলম বাবু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এসএম রেজাউল করিম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাহাবুব আলম বাবু কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিপিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।”
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, মাহাবুব আলম বাবুর অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক নেতৃত্বে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
উল্লেখ্য, সাংবাদিক মাহাবুব আলম বাবু বর্তমানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি The Daily Best News-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দৈনিক আমাদের সময়সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন। নব্বইয়ের দশক থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।

































