বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী
- সর্বশেষ আপডেট ০৮:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 41
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, দলের গঠনতন্ত্রের ৭-খ)৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর তিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন। এরপর দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো রুহুল কবির রিজভীকে।
কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ইতিহাস ও আইন বিষয়ে উচ্চশিক্ষা নেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। উচ্চ মাধ্যমিকের পর বামপন্থি বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে ছাত্রদলে যোগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন এবং ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে রুহুল কবির রিজভী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ গত ১৫ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাত্র কয়েক দিনের মধ্যেই দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী।




























