সাংবাদিক শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি বিপিজেএফের
- সর্বশেষ আপডেট ০৭:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 56
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহাবুব আলম বাবু ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাজী শরিফুল ইসলাম শাকিল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তার করা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
তারা বলেন, কোনো সাংবাদিক বা সাংবাদিক নেতাকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে তাঁর পেশাগত ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জানানো হয়, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করা হয়।
বিপিজেএফ তাঁর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংগঠনটি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এসএম রেজাউল করিম বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

































