প্রবাসীদের জন্য নতুন সম্পত্তি নীতি সৌদির
- সর্বশেষ আপডেট ০৮:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 13
বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য জমি ও স্থাবর সম্পত্তির মালিকানা সহজ করতে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে সৌদি আরব। এর ফলে প্রবাসীসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশটির আবাসন ও ব্যবসায়িক খাতে বিনিয়োগের নতুন দ্বার উন্মুক্ত হলো।
বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করতে অ-সৌদিদের জন্য স্থাবর সম্পত্তি মালিকানার সুযোগ সম্প্রসারণ করেছে সৌদি আরব। এ লক্ষ্যে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।
মঙ্গলবার অনুমোদিত এই বিধিমালায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো কোন কোন এলাকায় সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদিতে সম্পত্তি মালিকানার প্রক্রিয়া আরও সহজ ও সুসংগঠিত হবে বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশিরা এখন আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প খাতের সম্পত্তির সরাসরি মালিক হতে পারবেন। পাশাপাশি সৌদিতে বৈধভাবে পরিচালিত বিদেশি কোম্পানিগুলো অফিস, কারখানা, গুদামসহ ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিকানাও অর্জন করতে পারবে।
এ উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ, যার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতের সম্প্রসারণ এবং আবাসন খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, নতুন বিধিমালা বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ ও স্থিতিশীল নীতিগত পরিবেশ তৈরি করবে। ফলে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় আবাসন বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগ্রহ বাড়তে পারে।
বিশেষ করে সৌদিতে বসবাসরত প্রবাসীদের জন্য এই সিদ্ধান্ত সম্পত্তি মালিকানার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


































