দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা
- সর্বশেষ আপডেট ১০:২৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 7
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়ার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক মনে করছে না বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে অভিহিত করেছে।
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের অবস্থানকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কূটনৈতিক মাধ্যমে ভারতকে আগেই জানানো হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)–এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, পূর্ব অবহিতকরণের পরও দিল্লি বিমানবন্দরে তাঁর যাত্রায় বাধা সৃষ্টি হওয়া অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা বাংলাদেশের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে ভারতে যাওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাঁকে পরবর্তী যাত্রার অনুমতি দেওয়া হয়নি, ফলে তিনি সফর সম্পন্ন করতে পারেননি।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব হলো নিজ দেশের সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ক্ষেত্রে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ধর্ম, বর্ণ বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।





































