সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৮:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 16
সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করা যাবে না বলে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগের ভিত্তিতে গ্রাহকসেবা ও বিক্রয় কার্যক্রমে নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের যথাযথ সেবা নিশ্চিত করতে এবং বিনিয়োগে কোনো ধরনের বাধা না দিতে দেশের সব তফসিলি ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে কিছু ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকা সত্ত্বেও নানা অজুহাতে গ্রাহকদের বিনিয়োগে নিরুৎসাহিত করছে। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭’ অনুযায়ী দেশের সব তফসিলি ব্যাংক সঞ্চয়পত্র ইস্যুকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে। ফলে আগ্রহী বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সঞ্চয়পত্র বিক্রি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া তাদের বাধ্যবাধকতার মধ্যে পড়ে।
কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, প্রতিটি শাখায় সঞ্চয়পত্র-সংক্রান্ত কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য দৃশ্যমান স্থানে প্রয়োজনীয় তথ্য প্রদর্শন এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পদক্ষেপের ফলে সঞ্চয়পত্র বিক্রিতে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ বিনিয়োগকারীরা আরও সহজে সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন।



































