দুর্গাপূজায় ড্রোন-হেলিকপ্টারে নজরদারি

- সর্বশেষ আপডেট ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 132
শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট।
আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এবারের দুর্গোৎসব। উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহুমুখী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ মোটরবাইক টহল ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সার্বক্ষণিক নজরদারির জন্য কন্ট্রোল রুম স্থাপন ও জরুরি সেবা দিতে হটলাইন চালু রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি ও অপপ্রচার ঠেকাতে সাইবার উইংয়ের নজরদারিও জোরদার করা হয়েছে। প্রতিমা বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ সময়ে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ও হেলিকপ্টার মোতায়েনের ব্যবস্থা রাখা হয়েছে।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
রাজধানী ঢাকায় কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল দল দায়িত্ব পালন করছে। এসআরবির সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
তিনি সতর্ক করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জরুরি প্রয়োজনে পুলিশ ও এসআরবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। তথ্যদাতাদের পরিচয় ও গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। প্রাক-পূজা, পূজার সময় এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।
আইজিপি জানান, পূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট প্রস্তুত থাকবে। পুলিশ হেডকোয়ার্টার্স ও অন্যান্য পুলিশ ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেলও চালু থাকবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (অপারেশন) মো. আইয়ুব আলী বাসসকে বলেন, দুর্গাপূজা নিরাপদে সম্পন্ন করতে প্রতিমা নির্মাণস্থান, পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনসহ আগাম নিরাপত্তামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি জানান, পূজার নিরাপত্তায় সারাদেশে ২ লাখ ১২ হাজার ৮৩৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। প্রবেশ ও বহির্গমন ব্যবস্থাপনা, আলোকসজ্জা, অগ্নিনিরাপত্তা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রয়েছে। এ বছর রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেশি।
তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে প্রযুক্তির ব্যবহার ও তদারকি বাড়ানো হচ্ছে। জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ দুর্গাপূজার নিরাপত্তায় কাজে লাগানো হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

































