জাতিকে বিভাজন করা সম্ভব নয়: রিজভী
- সর্বশেষ আপডেট ১১:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 11
দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, কৃত্রিমভাবে বিভাজনের চেষ্টা হলেও এ জাতিকে বিভক্ত করা যাবে না।
শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বর্তমানে দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সবাই নির্বিঘ্নে নিজের মত প্রকাশ করতে পারছে, যা দীর্ঘদিন অনুপস্থিত ছিল।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষ জীবন দিয়েছেন ও আহত হয়েছেন। তাই দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনাসভায় ঢাকা মহানগর বিএনপি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



































