‘আরও কয়েকবার বিরোধী দলে থাকলে সমালোচনা করতে শিখবেন’
- সর্বশেষ আপডেট ০৭:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 24
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে গুরুত্ব না দিয়ে সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিরোধী দলে আরও কয়েকবার থাকলে তারা গঠনমূলক সমালোচনা করতে শিখবেন। একই সঙ্গে তিনি বাজেটে অনুন্নয়ন ব্যয় কমানো ও উন্নয়ন ব্যয় বাড়ানোর জন্য অর্থমন্ত্রীর প্রশংসা করেন।
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আপনারা এই প্রথম বিরোধী দলে হয়েছেন। অনেক জায়গায় সমালোচনায় ভুল করেছেন। আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে ধীরে ধীরে সমালোচনা করাটাও শিখে যাবেন।’
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছে এবং জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী এই বাজেট বাস্তবায়ন করবে। বাজেট রাষ্ট্রের সম্ভাব্য আয়-ব্যয়ের পরিকল্পনা, তাই বিরোধী দলের সমালোচনাকে তিনি খুব বেশি আমলে নিচ্ছেন না বলেও মন্তব্য করেন।
অর্থমন্ত্রীর প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, চলতি বাজেটে অনুন্নয়ন ব্যয় ৭২ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে আনা হয়েছে। এতে অপচয় কমেছে এবং রাষ্ট্রীয় অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়েছে। একই সঙ্গে উন্নয়ন ব্যয় ২৭ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশে উন্নীত করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের সুদ পরিশোধে বর্তমান সরকারকে বাজেটের ১৩ দশমিক ৬ শতাংশ ব্যয় করতে হচ্ছে। এই দায় না থাকলে অনুন্নয়ন ব্যয় আরও কমানো সম্ভব হতো।
বাজেট আলোচনায় বিএনপি সরকারের সময়কার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৯ শতাংশ। এবারের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। তার ভাষায়, ‘বিএনপি জানে কীভাবে লক্ষ্য অর্জন করতে হয়।’































