ভালোবাসা দিবসেই টেস্ট ক্যারিয়ারের ইতি মুশির

- সর্বশেষ আপডেট ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 6
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘ পথচলার ইতি টানবেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল।
তামিম জানান, কয়েক দিন আগেই ফোন করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা তাকে জানিয়েছেন মুশফিক। এরপর বিষয়টি নিয়ে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছিল। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’
মুশফিক যেন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নয়, সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন, সেটিই চেয়েছিলেন তামিম। তিনি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিমের অবদান অনন্য। দেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব রয়েছে তার। এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলে ৭ হাজার ৬২ রান করেছেন তিনি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকও এই অভিজ্ঞ ব্যাটার। দেশের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত টেস্টে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
প্রিয় সতীর্থের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, মুশফিকের জন্য বড় পরিসরে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হবে।
তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন, জানতে পারবেন। তার মতো এমন মানের একজন ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটা আমার জন্য দুঃখের। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি।’
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। ভালোবাসা দিবসেই দেশের ক্রিকেটপ্রেমীদের সামনে সাদা পোশাকে শেষবারের মতো মাঠে নামবেন মুশফিকুর রহিম।




































