পলাতকরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৩:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 11
দেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ব্যক্তিরা এখন বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো অস্থিরতা দেখছেন না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব হারিয়েছে। সরকার রক্তপাত এড়াতে চায় বলেই ধৈর্যের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলা করছে।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। সব রাজনৈতিক দল যেন গণতান্ত্রিক উপায়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেই সুযোগ নিশ্চিত করা হবে। সরকার বলপ্রয়োগের পথে যেতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা হলে কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।
মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার নিশ্চিত করা হবে। অতীতে গণহত্যা চালিয়ে সাধারণ মানুষ হত্যার সঙ্গে জড়িত কোনো রাষ্ট্রপ্রধানই রাজনৈতিকভাবে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষেত্রেও এমন প্রত্যাবর্তনের সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে যখনই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।
এ সময় বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বর জুড়ে বিএনপির কর্মসূচির কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ১ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে মাসব্যাপী আয়োজন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।




































