রাজনীতিতে শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক: দ্য উইককে ফখরুল

- সর্বশেষ আপডেট ০৯:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 117
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না এবং বাংলাদেশ–ভারত সম্পর্কেও তিনি কোনো দীর্ঘমেয়াদি বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। ভারতের ইংরেজি সাময়িকী দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা একটি সময় পর্যন্ত দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও দীর্ঘমেয়াদে তার রাজনৈতিক প্রভাব ক্রমেই ক্ষীণ হয়ে যাবে। তার মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতা কেন্দ্রীভূত করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার ফলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। তবে সেই সংকট অতিক্রম করেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটাই হওয়া উচিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। প্রায় ১৫ বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী একটি বড় অংশের তরুণ ভোটার কখনো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। সে কারণে এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বলেও জানান বিএনপি মহাসচিব। তার ভাষায়, নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সমস্যা থাকলেও তা সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে না বলে তিনি মনে করেন।
জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, গত ১৫ বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি বাম ও ডান ধারার একাধিক রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। সে সময় ২০ থেকে ২৪টি দল একসঙ্গে আন্দোলনে অংশ নেয়।
মির্জা ফখরুল জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার এজেন্ডার ভিত্তিতেই ভবিষ্যৎ সরকার গঠিত হবে এবং কেবল আন্দোলনের শরিক দলগুলোকেই ঐক্য সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হবে।
জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দলটির সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই এবং ভবিষ্যৎ জাতীয় ঐক্য সরকারেও জামায়াত অন্তর্ভুক্ত হবে না।
ছাত্রদের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সঙ্গে জোট না হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আসন বণ্টন নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। পাশাপাশি নতুন প্রতীক নিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হওয়ায় বিএনপি নিজেদের প্রার্থীদের নিয়েই এগোতে আত্মবিশ্বাসী ছিল।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন। তবে দলীয়ভাবে অংশ না নেওয়ার নির্দেশ রয়েছে। তার মতে, এতে নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন তরুণ ভোটারদের মধ্যে নতুন উৎসাহ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে অন্তত এক কোটি তরুণের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন, কৃষি খাতের উন্নয়ন, বিচার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবিধানিক সংস্কার এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ করার প্রতিশ্রুতির কথাও তিনি তুলে ধরেন।


































