গোপালগঞ্জে আইজিপি
পুলিশ শান্তি চায় এবং শান্তির পক্ষেই রয়েছে

- সর্বশেষ আপডেট ০৫:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 88
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, পুলিশ শান্তি চায় এবং শান্তির পক্ষেই রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। আগামী দিনেও এ পরিস্থিতি বজায় থাকবে বলে তিনি আশা করেন। যারা এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
দুটি থানা পুড়িয়ে দেওয়ার বিষয়ে মো. আলী হোসেন ফকির বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে দায়িত্ব পালন করবে? আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
তিনি বলেন, একটি এলাকায় বিপুলসংখ্যক মানুষের তুলনায় পুলিশের সদস্যসংখ্যা সীমিত। জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে কার্যকরভাবে দায়িত্ব পালন করা কঠিন।
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে অতীতেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেগুলোর পরিণতি মানুষ দেখেছে। আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে।
এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে যান আইজিপি। এ সময় তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।




































