বরখাস্ত প্রসিকিউটর সাইমুম রেজা দেশ ছেড়েছেন
- সর্বশেষ আপডেট ০২:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 43
আসামির পরিবারের কাছে মামলায় জামিন করিয়ে দেওয়ার কথা বলে কোটি টাকা চাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়ে ইতালি গেছেন। গত ৩১ অক্টোবর তিনি বাংলাদেশ ত্যাগ করেন বলে প্রসিকিউশন সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাইমুম রেজার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাঁর বিরুদ্ধে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলেও জানান তিনি।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় আসামির জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর পরিবারের কাছে অর্থ দাবি করার অভিযোগ ওঠে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগের পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ঘটনাটি ছাড়াও ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম অনুসন্ধানে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন চিফ প্রসিকিউটর। তবে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানা গেলেও আট মাসেও কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি।
এদিকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। দণ্ডিত অন্য আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়েও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ নিতে প্রসিকিউশনের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক চিঠি।






























