পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান
- সর্বশেষ আপডেট ০৬:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 54
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে ২৬ জন নারী।
ডিবি সূত্র জানায়, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদকের আসর বসত। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে অভিযান চালানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।
তাঁর বাড়িতে মাদকসংক্রান্ত অভিযোগে ডিবির অভিযানের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।






























