জুনের ২০ দিনেই দেশে এলো ১৯৫ কোটি ডলারের রেমিট্যান্স
- সর্বশেষ আপডেট ১০:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 33
চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই দেশের অর্থনীতিতে যোগ হয়েছে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (১.৯৫ বিলিয়ন) প্রবাসী আয় বা রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই ২০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার করে রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১ থেকে ২০ জুন পর্যন্ত আসা মোট ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার ডলারের মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে, যার পরিমাণ ১২১ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশী ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরজুড়েই রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ও রেকর্ডমুখী ধারা বজায় রয়েছে। এর আগে সদ্য বিদায়ী মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত মার্চ মাসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলারের রেমিট্যান্স দেশে আসে। টানা কয়েক মাস ধরে প্রতি মাসেই রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চলতি অর্থবছরে মোট রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারে (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার)। এটি দেশের ইতিহাসে যেকোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের এক নতুন মাইলফলক। অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রণোদনা ও প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি এবং ডলারের আকর্ষণীয় বিনিময় হারের কারণে প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে।




































