মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- সর্বশেষ আপডেট ০৫:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 88
দুই বছরের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দাবি, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে মোট ৫৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলার পর উভয় পক্ষই পাল্টাপাল্টি আক্রমণ জোরদার করেছে।
গত দুই বছরের মধ্যে মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় রাজধানীর বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কয়েকটি এলাকায় আগুন লাগে এবং ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ভোর পর্যন্ত মস্কোগামী অন্তত ১৯৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক মাসগুলোর তুলনায় এটি ছিল অনেক বড় আকারের হামলা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মস্কো ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে মোট ৫৫৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে। হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ‘ন্যায্য প্রতিক্রিয়া’ বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, ইউক্রেনের শহর ও জনপদে রুশ আক্রমণের জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
হামলার অন্যতম লক্ষ্য ছিল মস্কোর কাপোতনিয়া তেল শোধনাগার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানে বিস্ফোরণ ও ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এছাড়া একটি আবাসিক ভবন, একটি ব্যায়ামকেন্দ্র এবং দক্ষিণ রাশিয়ার কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এর জবাবে ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ৭টি ক্ষেপণাস্ত্র ও ২৩৯টি ড্রোন নিক্ষেপ করেছে। এতে একটি বাড়ি, জ্বালানি অবকাঠামো, একটি হ্যাঙ্গার এবং তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত বৈঠকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, ইউক্রেনকে আরও অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি দাবি করেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার সেনা হারাচ্ছে।




































