নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সর্বশেষ আপডেট ০৮:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 40
নরসিংদী সদর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আজ সকালে নরসিংদী সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রাশেদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল খালেক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে গড়ে উঠতে হবে। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।





























