রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি
- সর্বশেষ আপডেট ০৮:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 87
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে আরও কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে।
নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মু. মাহবুবুর রশীদ পুলিশের বিশেষ শাখায় ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিগগিরই তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
সম্প্রতি রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চারজন হত্যার শিকার হন। ওই হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি ও রহস্য উদ্ঘাটন নিয়ে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করেন বিদায়ী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। সেখানে ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর দুই দিন পরই তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদ থেকে বদলির আদেশ জারি হলো।































