মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 19
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও এর আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে এবং তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় তিনি শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনকল্যাণমুখী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
এছাড়া, বিকেলে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় তিনি আবার সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখান থেকে বিমানযোগে রাত সাড়ে ৮টায় ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তাঁর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি, সম্পূর্ণ সফরসূচিই সাজানো হয়েছে মৌলভীবাজার জেলাকে কেন্দ্র করে।





































