মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

- সর্বশেষ আপডেট ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 172
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার চলছে। এ কারণে আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে।
শুক্রবার বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সকালে করা সিটি স্ক্যানের রিপোর্টে তার অবস্থার অবনতি ধরা পড়ে।
পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড জরুরি বৈঠক করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে।
অস্ত্রোপচার শুরু হওয়ায় আপাতত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও জানান, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডে দেশের কয়েকজন নিউরো বিশেষজ্ঞ রয়েছেন। তাদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা আছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।




































