ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল : ২৪ ঘন্টায় যা ঘটেছে

- সর্বশেষ আপডেট ১০:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 267
মধ্যপ্রাচ্যে টানা সামরিক পাল্টাপাল্টিতে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, লেবাননসহ একাধিক দেশে হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ড্রোন আক্রমণ ও জ্বালানি স্থাপনায় আগুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় কী ঘটেছে, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো।
১. ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৭৮৭ জনে পৌঁছেছে বলে দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে। ১৫৩টি শহর ও ৫০৪টি স্থাপনায় আঘাতের তথ্য দেওয়া হয়েছে।
২. সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে। সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
৩. ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করেছে এবং দক্ষিণাঞ্চলে নতুন স্থল অভিযান শুরু করেছে। সর্বশেষ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন।
৪. লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক ও গোয়েন্দা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, যুদ্ধ ও শান্তির সিদ্ধান্ত রাষ্ট্রই নেবে।
৫. হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কোমাতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল পূর্ণমাত্রার যুদ্ধ চাইলে তার জবাব দেওয়া হবে।
৬. ইরান ইসরায়েলের তেল আবিব, পশ্চিম জেরুজালেম ও এলাতসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শনিবার থেকে দেশটিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
৭. ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে এবং চলাচলকারী জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্ব তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
৮. কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি দুটি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত করেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে।
৯. সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে। হতাহতের খবর নেই।
১০. চীন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। তারা ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করার কথা বলেছে।
১১. ফ্রান্স জানিয়েছে, প্রয়োজনে অংশীদার দেশগুলোকে রক্ষা করবে। অঞ্চলটিতে অবস্থানরত প্রায় চার লাখ ফরাসি নাগরিকের নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে।
১২. পাকিস্তান মার্চের শেষ পর্যন্ত আংশিকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যগামী দেড় শতাধিক উড়ান বাতিল হয়েছে।
১৩. ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আলোচনায় নয়, প্রতিরক্ষায় মনোযোগ দিচ্ছে।
১৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে, নাতাঞ্জ পরমাণু স্থাপনার প্রবেশপথে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তেজস্ক্রিয় ঝুঁকি নেই।
১৫. লেবাননে হামলা বাড়ায় হাজারো মানুষ সিরিয়া সীমান্তের দিকে পালাচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, অন্তত ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে।
১৬. লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সীমান্তবর্তী কয়েকটি অগ্রবর্তী অবস্থান থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।
১৭. ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে লেবাননে নতুন নিয়ন্ত্রণ এলাকা দখলের নির্দেশ দিয়েছেন।
১৮. কেরমানশাহ প্রদেশের একটি ড্রোন স্থাপনায় হামলার পর স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতি দেখা গেছে।
১৯. হামাদানে আবাসিক এলাকায় হামলায় অন্তত পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। কেরমান প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলায় ১৩ সেনা নিহত হওয়ার খবরও এসেছে।
২০. তেহরানের মোতাহারি হাসপাতালে হামলার পর ধ্বংসস্তূপের ছবি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় উদ্বেগ বাড়ছে।
২১. কাতারের আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে; দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হয়েছে।
২২. যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে অবস্থান নিয়ে দুই দেশের সম্পর্কে চাপের ইঙ্গিত মিলেছে।
২৩. অস্ট্রেলিয়া নাগরিকদের অযথা জ্বালানি কেনাকাটা না করার আহ্বান জানিয়েছে। টানা তৃতীয় দিন তেলের দাম বেড়েছে।
২৪. সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার পর ফ্রান্স প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে।
২৫. ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, কুয়েত ও দুবাইয়ে মার্কিন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে।
২৬. যুক্তরাষ্ট্রে যুদ্ধক্ষমতা আইন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসে প্রেসিডেন্টকে সামরিক অভিযান থামাতে বাধ্য করার প্রস্তাবের প্রস্তুতি চলছে।
২৭. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
২৮. উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে।
২৯. ইরানের মিনাব শহরে একটি মেয়েদের বিদ্যালয়ে হামলায় নিহত ১৬৫ জনের গণজানাজা অনুষ্ঠিত হয়েছে।
৩০. নাতাঞ্জে নতুন করে হামলার পর স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতি দেখা গেছে।
৩১. ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
৩২. ওমানের দুকুম বন্দরে ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে।
৩৩. ইসফাহান ও শিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
৩৪. সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে।
৩৫. কাতার এয়ারওয়েজ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় তাদের উড়ান সাময়িকভাবে স্থগিত রয়েছে।
৩৬. ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ হবে না।
৩৭. জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস নাগরিকদের সরাসরি সরিয়ে নিতে অপারগতার কথা জানিয়েছে।
৩৮. চীন সামরিক সহায়তার খবর অস্বীকার করে রাজনৈতিক সমর্থনের কথা জানিয়েছে।
৩৯. কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
৪০. বুশেহর প্রদেশে হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।




































