হামে আরও ৬ মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 138
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৮ জনের শরীরে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত একদিনে হাম ও উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছেন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৫৬ জনের শরীরে উপসর্গ শনাক্ত হয়েছে। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ১২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ১২০ জন।






























