হলি ক্রস কলেজে ক্যান্সার সচেতনতা ও স্তন স্ক্রিনিং কর্মসূচি
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 70
হলি ক্রস কলেজ ও হলিক্রস কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় কলেজ মিলনায়তনে ‘Promoting Cancer Awareness and Breast Screening Program 2026’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচিতে কলেজের দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের অংশগ্রহণে পরপর দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্যান্সার সচেতনতা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব।
কর্মসূচির অংশ হিসেবে নিবন্ধিত নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিজে নিজে স্তন পরীক্ষা করার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন ডা. সাদিয়া হাবিব অর্পি।
আয়োজকরা জানান, কর্মসূচিতে স্তন স্ক্রিনিংয়ের জন্য ৫০০-এর বেশি অভিভাবক ও শিক্ষিকা নিবন্ধন করেন। প্রথম দিনে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের চারজন নারী চিকিৎসক এবং তিনজন নার্স ও প্যারামেডিকের একটি দল ২৪০ জনের স্ক্রিনিং সম্পন্ন করে। আগামী শনিবার অবশিষ্ট নিবন্ধিত নারীদের স্ক্রিনিং করা হবে।
অনুষ্ঠানে হলিক্রস কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মিসেস ফাহমিনা হাসিন স্বাগত বক্তব্য দেন। পরে কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগীদের ধন্যবাদ জানান।
আয়োজকরা বলেন, নারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।



































