বললেন নাহিদ ইসলাম
সালাউদ্দিনকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়

- সর্বশেষ আপডেট ০২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 126
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশে দ্রুত আইনশৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ।
তিনি বলেন, সরকার বলেছিল নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মব সহিংসতা বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা তুলে ধরে নাহিদ বলেন, রাতের বেলায় ঘণ্টার পর ঘণ্টা ভাঙচুর চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যায়নি। রাড্ডার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীও এর আগে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার কথা বলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, অপরাধের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ভুক্তভোগীর দায় খোঁজার চেষ্টা করা হচ্ছে।
রাজধানীর বাইরের বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার মতো ঘটনাও সামনে এসেছে। তার দাবি, এসব ঘটনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র ফুটে উঠেছে।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। দেশের যেসব এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

































