চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে
- সর্বশেষ আপডেট ১২:৩৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 214
ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতের ঠিক কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো সুনির্দিষ্ট তথ্য পায়নি। তবে তিনি বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে। তাকে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার অবস্থান নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে; এমন প্রতিবেদন প্রকাশের বিষয়ে জানতে চাইলে মো. আমিনুল ইসলাম বলেন, ওই প্রতিবেদনে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা তার আইনি অবস্থান কী, তা স্পষ্ট করা হয়নি। ফলে শুধু ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন মর্যাদা বা আইনি অবস্থানে রয়েছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো পরিষ্কারভাবে অবগত নয়। তাই ভারতীয় আদালতের অনুমতির বিষয়টি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, সেটিও বাংলাদেশের কাছে স্পষ্ট নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদের ভারতে অবস্থান ও পরবর্তী আইনি প্রক্রিয়ার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই বলেও জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, ২০১৫ সালে বাংলাদেশ থেকে অপহরণের পর সালাহউদ্দিন আহমেদকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে শিলংয়ে তাকে পাওয়া যায়। ভারতে তার বিরুদ্ধে করা মামলায় খালাস পাওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এদিকে জুলাই আন্দোলনে ভূমিকার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটরের দাবি, জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।






























