উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ
শিশু নিরাপত্তায় রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি
- সর্বশেষ আপডেট ০৮:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 26
দেশের বিভিন্ন স্থানে শিশু নিখোঁজ, অপহরণ, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা মহানগর সংসদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি বিমল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শংকর আচার্য, সাধারণ সম্পাদক কংকন নাগ, সহ-সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রেজাউল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি সালমান রাহাত, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু এবং কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদকমণ্ডলীর সদস্য হাফিজুর রহমান মিন্টু।
সমাবেশে বক্তারা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। অথচ বর্তমানে দেশের বিভিন্ন স্থানে শিশুরা নিখোঁজ, অপহরণ, যৌন সহিংসতা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মানবিকভাবে গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা ও খেলাধুলা বাধ্যতামূলক করার দাবি জানান তারা। একই সঙ্গে শিশুদের নিরাপত্তাকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সম্মেলক সংগীত পরিবেশন করে খেলাঘরের শিশুরা। একক সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায় ও অবিনাশ বাউল। একক আবৃত্তি করেন উদীচীর বাচিক শিল্পী মনীষা মজুমদার ও শাহিদা ফাল্গুনী।
সংস্কৃতির শক্তিকে কাজে লাগিয়ে শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় উদীচী। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি শিখা সেন গুপ্তা।



























