র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
- সর্বশেষ আপডেট ১০:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 10
বাংলাদেশের বিশিষ্ট উন্নয়নকর্মী ও বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান এ বছর মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হয়েছেন। এশিয়ার অন্যতম সম্মানজনক এই পুরস্কারটি ‘এশিয়ার নোবেল’ নামে পরিচিত।
সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে।
এ বছর রুনা খানের পাশাপাশি আরও দুজন বিশিষ্ট ব্যক্তি এ পুরস্কার পেয়েছেন। তারা হলেন সিঙ্গাপুরের কূটনীতিক ও আইনজ্ঞ টমি কোহ এবং মিয়ানমারের মানবাধিকারকর্মী বো চি।
পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম। আগামী ১৫ নভেম্বর ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
রুনা খান দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। তার প্রতিষ্ঠিত ‘ফ্রেন্ডশিপ’ দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
র্যামন ম্যাগসাইসাই ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৫৭ সালের ১৭ মার্চ এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। একই বছর তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। পরের বছর, ১৯৫৮ সাল থেকে তার নামে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
প্রতি বছর র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে ওই বছরের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এশিয়ার মানুষের জন্য অসাধারণ অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।































