রোববার দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
- সর্বশেষ আপডেট ১২:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 11
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি নিজ জেলায় তাঁর প্রথম সফর।
সফরের প্রথম দিন রাষ্ট্রপতি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ ছাড়া সফরকালে রাষ্ট্রপতি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শহর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতি নিজ জেলায় আসছেন; এ খবরে তৃণমূল থেকে শুরু করে সব স্তরের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে। তাঁকে একনজর দেখার জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।





























