বললেন দীনেশ ত্রিবেদী
দুই দেশের স্বার্থেই ভারত সফরে যাবেন তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০১:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 14
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর দুই দেশের জনগণের স্বার্থেই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।
স্পিকার ও ডেপুটি স্পিকারের ভারত সফর প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, তাঁদের ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বর্তমান স্পিকারের প্রশংসা করে তিনি বলেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। একই সঙ্গে তিনি ভালো ফুটবলার বলেও মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সংসদ কীভাবে পারস্পরিকভাবে আরও কার্যকরভাবে কাজ করতে পারে, সাক্ষাতে সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও কীভাবে উন্নত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আর আলোচনা চলাটাই গণতন্ত্রের অংশ।

































