চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- সর্বশেষ আপডেট ০২:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / 9
নানা কর্মসূচি ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জোটনসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে বেলা ১১টার দিকে চরফ্যাশন সদরের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্থানীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসব কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।




















