শেখ হাসিনাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা, নারী কারাগারে
- সর্বশেষ আপডেট ১২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 47
সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সীমা মিত্র সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটকে ‘ভয়েস অব ৭১’ নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা চালাতেন। পাশাপাশি নিজের ব্যবহৃত ‘Sima mittro 71’ নামের টিকটক আইডি থেকেও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
এসব পোস্ট ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সীমা মিত্র পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিংখালী গ্রামের সৌরভ মিশ্রির মেয়ে। তিনি বগুড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, রোববার (৩০ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে সীমা মিত্রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






























