রূপগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত, চালক আটক
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 11
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি স্থানীয় রূপসী ঘাটে দৈনিক মজুরির ভিত্তিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াকুব হোসেন নামে এক চালক এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গোডাউনের দিকে যাচ্ছিলেন। এ সময় মনির হোসেন সড়ক পার হওয়ার চেষ্টা করলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালক ইয়াকুব হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, দুর্ঘটনার ঘটনায় ট্রাকচালক ইয়াকুব হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





























