পথচারী নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী-স্ত্রী আহত
- সর্বশেষ আপডেট ১২:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 35
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী ও তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষিজমিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলার উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও একজন বডিগার্ড আহত হন। পরে তাদের উদ্ধার করে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহত পথচারী নারী ফিরোজা বেগম (৫৫)। তিনি শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই ঘটনায় পথচারী ফিরোজা বেগমও আহত হয়েছেন।
































