সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী তাসনুভা তিশা
- সর্বশেষ আপডেট ১০:২৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 8
নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে এ ঘটনায় তিনি বা তার সহকর্মীদের কেউ বড় ধরনের ক্ষতির শিকার হননি।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা।
অভিনেত্রী জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়।
হঠাৎ ধাক্কায় গাড়িটি দুর্ঘটনার শিকার হলেও সৌভাগ্যক্রমে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে তিশা ও তার সহকর্মীরা মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে সেটিকে আটক করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয় বলে জানান তিনি।
ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিশা জানান, দুর্ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে বর্তমানে তিনি নিরাপদে আছেন বলেও জানান এই অভিনেত্রী।

































