রংপুরে ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত
- সর্বশেষ আপডেট ০৪:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 7
রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে দুর্ঘটনার কারণে ওই পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
রেলওয়ে সূত্র ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি রংপুর স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিনের কয়েকটি চাকা লাইন থেকে পড়ে যায়। একই সময়ে ট্রেনটির পেছনে থাকা একটি বগির কয়েকটি চাকাও লাইনচ্যুত হয়। এতে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি আলাদা করে ট্রেনটি অন্য লাইনে সরিয়ে নেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর ওই পথে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।
এদিকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাঈম ইসলাম দাবি করেন, রেললাইনের ৩ নম্বর লাইনে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ হয়নি। তার ভাষ্য, ১ ও ২ নম্বর লাইনে পাথর দেওয়া হলেও ৩ ও ৪ নম্বর লাইনে পাথর নেই। এ কারণেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে।
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই পথে মালবাহী ট্রেন চলাচল করলেও এমন দুর্ঘটনা ঘটেনি। তার দাবি, দুর্ঘটনার আগে ট্রেনটিকে ৩ নম্বর লাইনে নেওয়া হয়েছিল। লাইনটি যথাযথভাবে পরীক্ষা না করে সেখানে ট্রেন নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তবে স্থানীয়দের অভিযোগের সঙ্গে একমত নন রেলওয়ের কর্মকর্তারা।
রংপুর রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, ট্রেনটির নির্ধারিত রুট ছিল ৩ নম্বর লাইন। স্টেশনের পয়েন্ট অতিক্রম করার পর সামনের দিকে গিয়ে ইঞ্জিনের কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। একই সময়ে পেছনের একটি বগির কয়েকটি চাকাও লাইন থেকে পড়ে যায়।
তিনি জানান, কুড়িগ্রামের ইঞ্জিন এনে লাইনচ্যুত ইঞ্জিনটি সরিয়ে নেওয়া হয় এবং বগিটি আলাদা করে ১ নম্বর লাইনে রাখা হয়। পরে লাইনটি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে রংপুর স্টেশনে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই।

































